গাজীপুরে আগুনে পুড়ল যাত্রীবাহী দুটি বাস
জামায়াতের ইসলামীর হরতালের আগের দিন আজ মঙ্গলবার রাতে গাজীপুরে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহতের হয়নি
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস এলাকায় রাত পৌনে ১০টার দিকে এবং চান্দনা-চৌরাস্তা এলাকায় রাত সাড়ে ১০টার দিকে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়।
জয়দেবপুরের ভোগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. মোবারক হোসেন প্রথম আলোকে জানান, রাত পৌনে ১০টার দিকে ভোগড়া বাইপাস এলাকায় গাজীপুর থেকে ঢাকাগামী ভিআইপি-২৭ পরিবহনের একটি চলন্ত বাসে যাত্রীবেশে ওঠে দুর্বৃত্তরা। কিছু বুঝে ওঠার আগেই তারা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে চালক গাড়ি থামিয়ে নেমে গেলে ওই দূর্বৃত্তরাও নেমে পালিয়ে যায়। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ কর্মকর্তারা আরও জানান, রাত সাড়ে ১০টার দিকে চান্দনা-চৌরাস্তা এলাকায় ঢাকা থেকে গাজীপুরের শিববাড়িগামী বলাকা পরিবহনের একটি বাসে চোরাগুপ্ত হামলাকারীরা যাত্রীবেশে গাড়িতে ওঠে পেট্রোলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ফেলে।
গাজীপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠা স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, আগুনে গাড়ি দুটোর আসনসহ ভেতরের অধিকাংশই পুড়ে গেছে।