গাজীপুরে আনসারের গুলিতে নিরাপত্তাকর্মী গুলিবিদ্ধ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় গতকাল রোববার আনসার সদস্যের গুলিতে কারখানার এক নিরাপত্তাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই নিরাপত্তাকর্মীর নাম মোহাম্মদ আলী (৩৫)। তিনি সফিপুরের করতোয়া স্পিনিং কারখানার নিরাপত্তাকর্মী।
করতোয়া স্পিনিং কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী গতকাল কারখানার দক্ষিণ পাশে কর্মরত ছিলেন। ওই স্থানে পাশেই আনসার ভিডিপির একটি নিরাপত্তাচৌকি। সেখানে কর্তব্যরত ছিলেন আনসার বাহিনীর সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) আবদুল ওহাব ও আনসার সদস্য মকছেদুল। বিকেল সাড়ে চারটার দিকে হঠাৎ আনসার সদস্যদের এসএমজি থেকে মোহাম্মদ আলীকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়া হয়। এতে মোহাম্মদ আলীর পেটের ডান পাশে একটি এবং ডানা হাতের কনুইয়ে একটি গুলি লাগে। কিছু সময় পর ওই কারখানার অপর এক নিরাপত্তাকর্মী দেখেন মোহাম্মদ আলী মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে সফিপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ গতকাল রাত সাড়ে নয়টা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেয়নি। তবে আনসারের পক্ষ থেকে উপপরিচালক (প্রশাসন) মো. ফখরুল আলম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ওই জিডিতে বলা হয়, আনসার একাডেমির দক্ষিণ পাশে আনারস বাগানের পাশে এপিসি আবদুল ওহাব ও সদস্য মকছেদুল নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ওহাবের হাতে একটি এসএমজি ছিল। বিকেলে প্রকৃতির ডাকে সাড়া দিতে যাওয়ার আগে ওহাব তাঁর এসএমজি মকছেদুলের কাছে দিয়ে যান। ওই সময় অসাবধানতাবশত এসএমজি থেকে তিনটি গুলি বের হয়। ওই গুলিতে করতোয়া স্পিনিং কারখানার নিরাপত্তাকর্মী মোহাম্মদ আলী গুলিবিদ্ধ হন।
করতোয়া স্পিনিং কারখানার মহাব্যবস্থাপক আনোয়ার হোসেন জানান, তাঁদের নিরাপত্তাকর্মীকে লক্ষ্য করে আনসার সদস্যরা তিনটি গুলি ছোড়েন। এর মধ্যে দুটি গুলি মোহাম্মদ আলীর শরীরে লাগে।