গাজীপুরে ইউপি সদস্যসহ আটজনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেম করার অপরাধে গ্রাম্য সালিসে বিচারকদের গালিগালাজ শুনে অপমান আর অভিমানে আত্মহত্যা করেছে এক স্কুলছাত্রী। তার বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের কদমা গ্রামে। গত শনিবার আত্মহত্যার ঘটনাটি ঘটে।
এ ঘটনায় গতকাল রোববার ইউপি সদস্যসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত পাঁচ-সাতজনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। নিহত স্কুলছাত্রীর নাম মৌসুমী আক্তার। আদর্শ নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণি থেকে সে এ বছর বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক হাফিজুর রহমান জানান, মৌসুমী আক্তারের সঙ্গে পাশের ভিটিপাড়া গ্রামের আশ্রাফ আলীর ছেলে সুজনের (২২) প্রেম ছিল। ১৪ ডিসেম্বর বার্ষিক পরীক্ষা শেষ করে মৌসুমী সুজনের সঙ্গে পালিয়ে যায়। ১৮ ডিসেম্বর আবার বাড়িতে ফিরে আসে।
মৌসুমীর মা জানান, ‘ঘটনা জানাজানি হলে গ্রাম্য মাতবররা আমাদের বাড়িতে ২০ ডিসেম্বর সালিসে বসেন। সালিসে দুজনকে বিয়ের কথা বললে সুজন তাতে অস্বীকৃতি জানান। পরে ওই সালিসের মাতবর প্রহ্লাদপুর ইউপি সদস্য শামসুল হক, গ্রাম্য বিচারক আবদুস ছাত্তার, স্কুলছাত্রী মৌসুমী আক্তারকে তিরস্কার ও অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।’
সালিসে অপমানের পর মৌসুমী দৌড়ে তার নিজ ঘরে গিয়ে নিজের ওড়নায় ফাঁস লাগিয়ে ঘরের বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলে পড়ে। ঘটনা জানার পর বাড়ির লোকজন ও বিচারকেরা গুরুতর অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।