গাজীপুরে এক ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার পশ্চিম ডগরী এলাকার একটি কাঁঠাল গাছ থেকে আজ মঙ্গলবার সকালে এক ব্যক্তির (৪৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পরিচয় জানা যায়নি। তাঁর পরনে খয়েরি রঙের ফুলপ্যান্ট এবং হালকা আকাশি রঙের শার্ট ছিল।

জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মাজহারুল ইসলাম বলেন, আজ ভোরে এলাকাবাসী স্থানীয় জয়নাল আবদিনের কাঁঠাল বাগানের একটি গাছে মাফলার গলায় বাঁধা অবস্থায় এক ব্যক্তির ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশে খবর দেয় তারা। বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। গাছের নিচ থেকে একটি শপিং ব্যাগে ক্যাপ ও গামছা উদ্ধার করা হয়।

এসআই আরও বলেন, গাছে ঝুলে থাকার ধরন দেখে এটি হত্যা, না আত্মহত্যা—তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ময়নাতদন্তের আগে বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না।