গাজীপুরে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষে ৪ পুলিশ সদস্য আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জে পিকনিকের বাস ও ইজিবাইকের সংঘর্ষকে কেন্দ্র করে গত মঙ্গলবার রাতে এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। উপজেলার নাগরী ইউনিয়নের গলান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সংঘর্ষের ঘটনায় গতকাল বুধবার সকালে কালীগঞ্জ থানায় মামলা হয়েছে। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার গলান এলাকায় ঢাকা বাইপাস সড়কে মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে নারায়ণগঞ্জগামী একটি পিকনিকের বাস একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এ ঘটনায় বাসটি আটকে পিকনিকের লোকজনের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান স্থানীয় লোকজন। একপর্যায়ে পিকনিকে আসা দুজনকে একটি কক্ষে আটক রাখেন তাঁরা। এ সময় বাসের অন্য লোকজন ‘ডাকাত’ ‘ডাকাত’ বলে চিৎকার শুরু করলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ঘটনাস্থলে জড়ো হতে থাকেন। তখন বাসের দুই যাত্রীকে ফেলে রেখে বাসটি দ্রুত চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। এলাকাবাসীকে সরিয়ে দিতে গেলে তারা পুলিশের ওপর হামলা চালায়। এতে কালীগঞ্জ থানাধীন উলুখোলা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন, কনস্টেবল সেন্টু মিয়া, মো. পলাশ ও হুমায়ুন আহমেদ আহত হন। এ সময় সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে আটক দুই ব্যক্তিকে উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ জানান, এ ব্যাপারে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। সামসুল হক নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।