গাজীপুরে ককটেল ও পেট্রলবোমা উদ্ধার, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া পূর্বপাড়া এলাকার একটি বাড়ি থেকে গতকাল শুক্রবার দুপুরে ২০টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ। এ সময় বাড়ির মালিকসহ দুজনকে আটক করা হয়।
আটক দুজন হলেন বাড়ির মালিক ফরিদ উদ্দিন (৪০) ও তাঁর ব্যবস্থাপক মো. সোহেল (২৫)।
জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা গতকাল দুপুর ১২টার দিকে ভোগড়া পূর্বপাড়া এলাকায় ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় ২৯টি ঘরবিশিষ্ট বাড়িটির ১৫ নম্বর কক্ষটি তালাবদ্ধ অবস্থায় ছিল। পরে তালা খুলে ওই কক্ষ থেকে ২০টি তাজা ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার করা হয়। বাড়িটির মালিক ফরিদ উদ্দিন ঢাকায় থাকেন। ১১ কাঠা জমিতে ২৯টি ঘর তৈরি করে তিনি ভাড়া দিয়েছেন। এগুলো দেখাশোনা করেন তাঁর ব্যবস্থাপক সোহেল। জিজ্ঞাসাবাদের জন্য ফরিদ উদ্দিন ও সোহেল দুজনকেই পুলিশ আটক করেছে।
জয়দেবপুর থানাধীন ভোগড়া পুলিশ ফাঁড়ির এসআই জাকির হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।