গাজীপুরে ককটেল ফাটিয়ে ডাকাতি, আহত ৪
গাজীপুর সদর উপজেলার মাধবপুর এলাকায় গত বুধবার রাতে এক ব্যবসায়ীর বাসায় ককটেল ফাটিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণ ও ডাকাতদের এলোপাতাড়ি কোপে জখম হয়েছে চারজন। এ সময় ১০-১২ ভরি স্বর্ণালংকার ও ৭০ হাজার টাকা লুট করে ডাকাতেরা।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ব্যবসায়ী আবুল হোসেন ও তাঁর ছোট ভাই বাবুল হোসেন মাধবপুরের একতলা বাসায় বসবাস করেন। বুধবার রাত দেড়টার দিকে ১৫-১৬ জনের অস্ত্রধারী ডাকাত দল ওই বাড়িতে হানা দেয়। মূল ফটক বন্ধ থাকায় ডাকাতেরা ছাদ দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে প্রথমে আবুল হোসেনের ছেলে করিম ও তাঁর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় করিমের ছোট ভাই মনির এগিয়ে এলে তাঁকেও কুপিয়ে জখম করা হয়। তাঁদের চিৎকার শুনে পাশের ঘর থেকে বাবুল হোসেন এগিয়ে এলে ডাকাতেরা তাঁর মাথা লক্ষ্য করে ককটেল ছোড়ে। এতে মাথা ফেটে তিনি গুরুতরভাবে আহত হন। পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করেন। আহত ব্যক্তিদের ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাতে জয়দেবপুর থানার চক্রবর্তী ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে যায়। ক্যাম্পের উপপরিদর্শক মিজানুর রহমান জানান, ডাকাতি শুরুর কিছু সময় পরই এলাকাবাসী ফোনে বিষয়টি পুলিশকে জানায়। কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই ডাকাতেরা পালিয়ে যায়।
আবুল হোসেনের শ্যালক জহিরুল ইসলাম বলেন, আবুল হোসেন এবং বাবুল হোসেনের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে স্যানিটারি দোকানের ব্যবসা রয়েছে।