গাজীপুরে কলেজছাত্র অপহরণ
গাজীপুরে এক কলেজছাত্র অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে শনিবার রাতে অপহৃত ছাত্রের বাবা মো. আসলাম জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন।
অপহৃত কলেজছাত্র হলেন মো. আবদুল্লাহ (২২)। তিনি গাজীপুরের পশ্চিম ভূরুলিয়া এলাকার মডেল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (মিস্ট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চূড়ান্ত বর্ষের ছাত্র।
মো. আসলাম জানান, তিনি সপরিবারে গাজীপুর সিটি করপোরেশনের ভূরুলিয়া এলাকায় বসবাস করেন। গত শনিবার বেলা ৩টার দিকে আবদুল্লাহ তাঁদের বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে তাঁর সন্ধান পাওয়া যায়নি। একপর্যায়ে রাত আটটার দিকে তাঁর ছেলের মোবাইল নম্বর থেকে অজ্ঞাত ব্যক্তিরা ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় আবদুল্লাহকে মেরে লাশ গুম করার হুমকি দেয়। পরে রাতে এ ব্যাপারে জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
তিনি আরও জানান, মুক্তিপণের টাকা চেয়ে গতকাল রোববার সকালেও একাধিকবার ফোন করেছে অপহরণকারীরা।
জয়দেবপুর থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে শনিবার রাতেই অপহৃতের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। তাঁকে উদ্ধারে অভিযান চলছে।