গাজীপুরে কলেজছাত্রের লাশ উদ্ধার
গাজীপুর কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় অবস্থিত বসুন্ধরা প্রকল্প থেকে আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
ওই কলেজছাত্র হলেন উপজেলার নয়াপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে ইমন হোসেন (২২)। তিনি স্থানীয় মিছির আলী খান মেমোরিয়াল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও এলাকার কয়েক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে বসুন্ধরা প্রকল্পের একটি প্লটে ওই শিক্ষার্থীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাঁরা মৌচাক পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ আজ বেলা সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠায়। নিহত ওই শিক্ষার্থীর লাশের পাশ থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। তাঁর পরনে হলুদ টি-শার্ট, ব্লেজার ও জিনসের প্যান্ট পরা ছিল।
পুলিশ জানায়, গত মঙ্গলবার দুপুরে বন্ধুদের নিয়ে দাওয়াত খাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেননি ইমন হোসেন। সকালে ওই স্থানে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। নিহত ইমনের শরীরে আঘাতের চিহ্ন বা তাঁকে হত্যা করা হয়েছে, এমন কোনো আলামত পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই শিক্ষার্থী ও তাঁর বন্ধুরা মিলে কোথাও নেশা করে মেয়ে নিয়ে ফুর্তি করে থাকতে পারেন। অতিরিক্ত নেশার কারণেও তাঁর মৃত্যু হতে পারে। এমনও হতে পারে, দুর্বৃত্তরা তাঁকে নেশাজাতীয় দ্রব্য বা বিষাক্ত কিছু খাইয়ে হত্যা করে থাকতে পারে।
কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল আলম জানান, ওই শিক্ষার্থীর শরীরে বাহ্যিকভাবে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়। রাতে তাঁর সঙ্গে অন্যরা কারা ছিল, তাদের খোঁজা হচ্ছে। তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।