গাজীপুরে কাউন্সিলরসহ গ্রেপ্তার ৪
গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকা থেকে গত মঙ্গলবার মধ্যরাতে টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার কাউন্সিলর, তাঁর কথিত স্ত্রী ও তাঁদের ব্যক্তিগত গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, তাঁদের কাছ থেকে ৫২০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মির্জাপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শহিদুর রহমান ওরফে শিপন (৪২), তাঁর কথিত স্ত্রী (২৭) ও তাঁদের গাড়িচালক মির্জাপুর উপজেলার বাউয়ার কুমারজানি গ্রামের মিনহাজ উদ্দিন (৪০)।
পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল ব্রিজের পাশে জয়দেবপুর থানা-পুলিশের তল্লাশিচৌকি রয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সেখানে একটি প্রাইভেট কারকে থামার সংকেত দেয় পুলিশ। এ সময় গাড়িটি সংকেত না মেনে বেপরোয়াভাবে চলে যায়। পরে পুলিশ ধাওয়া করে কোনাবাড়ী এলাকায় গাড়িটিকে আটক করে। এরপর গাড়ি তল্লাশি করে ৫২০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ সময় পুলিশ গাড়িটি জব্দ এবং ওই তিনজনকে গ্রেপ্তার করে।
জয়দেবপুর থানার কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে।