গাজীপুরে কাউন্সিলরের বিরুদ্ধে বন কর্মকর্তার তিনটি মামলা
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাশেমের বিরুদ্ধে তিন দিনে তিনটি মামলা করেছেন কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বিট কর্মকর্তা। বন বিভাগের জমির ওপর দিয়ে জোর করে রাস্তা নির্মাণ ও হামলাচেষ্টার অভিযোগে মামলাগুলো করেন বিট কর্মকর্তা নাজমুল হক সরদার।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, স্থানীয় লোকজনের দাবির মুখে কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় চারটি রাস্তা নির্মাণের কাজ শুরু করেন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর আবুল কাশেম। রাস্তাগুলো বন বিভাগের জমির ওপর দিয়ে যাওয়ায় বন কর্মকর্তারা বাধা সৃষ্টি করেন।
পরে রাস্তা নির্মাণের জন্য কাউন্সিলর চন্দ্রা রেঞ্জের বিট কর্মকর্তা নাজমুল হকের সঙ্গে যোগাযোগ করলে তিনি এক লাখ টাকা দাবি করেন। প্রতিবাদে গ্রামবাসী গত বুধবার কালামপুর এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন। টাকা না দেওয়ায় ও মানববন্ধন করায় গতকাল বৃহস্পতিবার বন কর্মকর্তারা অভিযান চালিয়ে রাস্তার নির্মাণকাজ বন্ধ করে দেন।
এ ছাড়া বন কর্মকর্তারা গত ২৯ ও ৩১ মার্চ এবং বুধবার (১ এপ্রিল) গাজীপুর আদালত ও কালিয়াকৈর থানায় কাউন্সিলর আবুল কাশেম ও তাঁর ভাতিজা বেলাল হোসেনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেন।