গাজীপুরে কারখানার মালিক গুলিবিদ্ধ, ৬৬ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকাশ্যে গাড়ির গতিরোধ করার পর গুলি করে ৬৬ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় গাজীপুরের টঙ্গীর আরএন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রবিউল ইসলামের বাঁ পায়ের ঊরুতে একটি ও দুই হাতে দুটি গুলি লেগেছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, আরএন করপোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা (নাম জানা যায়নি) ও গাড়িচালক মোজাম্মেল হককে নিয়ে ঢাকার উত্তরার অফিস থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ইসলামী ব্যাংকে যান রবিউল ইসলাম। ব্যাংক থেকে কারখানার শ্রমিকদের বেতন দেওয়ার জন্য ৬৬ লাখ টাকা তুলে তাঁরা কারখানায় ফিরছিলেন। পথে মহাসড়কের গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় পৌঁছালে একটি হলুদ রঙের পিকআপ দিয়ে তাঁদের গতিরোধ করা হয়। পেছন থেকে দুটি মোটরসাইকেলে চার-পাঁচজন তাঁদের গাড়ির দুই পাশে এসে দাঁড়ায়। একপর্যায়ে দুর্বৃত্তরা গুলি ছুড়তে থাকে। পরে রড দিয়ে গাড়ির সামনের ও পাশের দুটি কাচ ভেঙে ফেলে। চালকের আসনে থাকা হিসাবরক্ষণ কর্মকর্তাকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে পেছনের আসনে বসা রবিউল ইসলামকে গুলি করে ৬৬ লাখ টাকার ব্যাগ ও তাঁর পকেটে থাকা আরও ৫০ হাজার টাকা নিয়ে উত্তরার দিকে চলে যায়। পরে আশপাশের লোকজন রবিউল ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খবর পেয়ে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ ও সাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
জয়দেবপুর থানাধীন ভোগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, ৫ লাখ টাকার ওপর বহন করলে পুলিশের সহায়তা নেওয়ার কথা। কিন্তু তাঁরা এত টাকা বহন করার সময়ও পুলিশের সহায়তা নেননি। অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলের পাশের একটি সিসি ক্যামেরায় ছিনতাইকারীদের পায়ের দিকের ও হুড়োহুড়ির ছবি পাওয়া গেছে। এ ছাড়া আশপাশের অন্য ক্যামেরার ছবিও পর্যবেক্ষণ করা হচ্ছে। দুর্বৃত্তদের গ্রেপ্তার ও লুণ্ঠিত টাকা উদ্ধারে অভিযান চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, রবিউল ইসলামের বাঁ পায়ের ঊরুতে একটি ও দুই হাতে দুটি গুলি লেগেছে।