গাজীপুরে কারখানায় বিস্ফোরণ, নিহত ৫

গাজীপুরের পূবাইল এলাকায় গতকাল শনিবার বিকেলে একটি কারখানার বয়লার বিস্ফোরণে পাঁচজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। ওই কারখানায় টায়ার থেকে তেল তৈরি করা হয়।
নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন স্থানীয় বারইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিদ্দিকা জেবুন্নেসা (৪০), গাজীপুরের বসুগাঁও এলাকার আবদুল মান্নানের ছেলে ও কারখানার নিরাপত্তাকর্মী সেলিম মোল্লা (৪০) এবং মাদারীপুরের বাঘারিয়া এলাকার আবদুর রাজ্জাকের ছেলে কারখানার কর্মী কাওসার হোসেন (৪২)। অন্য দুজনের চেহারা বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় পাওয়া যায়নি। তবে তাঁরাও ওই কারখানার শ্রমিক বলে ধারণা করা হচ্ছে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পূবাইলে বেশ কিছুদিন আগে স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামের ওই কারখানাটি গড়ে উঠেছে। কারখানাটি করার সময় পরিবেশগত কোনো ছাড়পত্র নেওয়া হয়নি। সেখানে পুরোনো টায়ার প্রক্রিয়াজাত করে তেল তৈরি করা হতো। কারখানায় গতকাল ৩০ থেকে ৩৫ জন শ্রমিক কাজ করছিলেন। এ সময় কারখানার ফটকের পাশে থাকা বয়লার বিকট শব্দে বিস্ফোরিত হয়। সঙ্গে সঙ্গে সেখানে আগুনও লেগে যায়। তখন পাশে একটি ট্যাংকলরিতেও বিস্ফোরণ ঘটে। এতে টিনশেডের ওই কারখানা চালাসহ ধসে পড়ে। আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বয়লার বিস্ফোরণ ও আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এঁদের মধ্যে স্কুলশিক্ষিকা সিদ্দিকা জেবুন্নেসা ওই সময় অটোরিকশায় করে কারখানার পার্শ্ববর্তী জয়দেবপুর-পূবাইল সড়ক দিয়ে যাচ্ছিলেন। অটোরিকশার চালক মো. স্বাধীনও আহত হন। এ ছাড়া আহত ব্যক্তিদের মধ্যে শ্রমিক আবদুল কাদের (৩০), কামাল হোসেনের (৩৫) পরিচয় পাওয়া গেছে।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুস সালাম সরকার বলেন, আবদুল কাদের ও কামালের শরীরের ৯০ ও স্বাধীনের ৬০ শতাংশ পুড়ে গেছে। তাঁদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান বলেন, কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে পাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। কারখানার মালিকসহ অবহেলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা এবং গ্রেপ্তার করা হবে।
পূবাইল এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বলেন, বিকেল সাড়ে চারটার দিকে হঠাৎ বিকট শব্দ হয় এবং কারখানায় আগুন জ্বলতে শুরু করে। ওই সময় কারখানায় শ্রমিকেরা কাজ করছিলেন।
স্থানীয় ব্যবসায়ী সোলায়মান হোসেন বলেন, কারখানাটি ঘেঁষে একটি রাস্তা রয়েছে। ওই রাস্তা দিয়ে এক নারী একটি অটোরিকশা নিয়ে যাচ্ছিলেন। বিস্ফোরণে অটোরিকশাটিতে আগুন ধরে যায়।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সোনিয়া সুলতানা প্রথম আলোকে বলেন, কারখানাটির কোনো পরিবেশগত ছাড়পত্র ছিল না। তিন-চার মাস আগে ওই কারখানায় অভিযান চালিয়ে তাদের কার্যক্রম বন্ধ করা হয় এবং সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছিল। পরে ওই কারখানার মালিক মো. ইমাম উদ্দিন পরিবেশ ছাড়পত্রের জন্য আবেদন করেন।
গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম বলেন, এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক নিহত ব্যক্তির পরিবারকে ১০ হাজার করে টাকা দেওয়া হয়েছে।