গাজীপুরে কিশোরসহ বিভিন্ন স্থানে চারজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা বাজার এলাকায় তুরাগ নদে গতকাল শুক্রবার নৌকাবাইচের সময় দুই পক্ষের সংঘর্ষে নৌকাডুবে এক কিশোর নিহত হয়েছে। একই দিন সিটি করপোরেশনের হাতিমারা পশ্চিমপাড়া এলাকায় একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গতকাল দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক পোশাককর্মী ও মানিকগঞ্জ সদর উপজেলায় প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
গাজীপুর: কড্ডা বাজার এলাকায় তুরাগ নদে গতকাল বিকেলে নৌকাবাইচের সময় দুই পক্ষের সংঘর্ষে একটি নৌকা ডুবে শরীফ হোসেন (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। সে সিটি করপোরেশনের ইটাহাটা এলাকার কবির হোসেনের ছেলে। দর্শনার্থী কামাল উদ্দিন জানান, বাইচে অংশ নেওয়া ইঞ্জিনচালিত দুটি নৌকার লোকজনের সংঘর্ষে একটি নৌকা ডুবে যায়। নদীতে পড়ে আহত শরীফকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
এদিকে সিটি করপোরেশনের হাতিমারা পশ্চিমপাড়া জামে মসজিদের অদূরে একটি রাস্তার পাশ থেকে গতকাল দুপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর। লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তাঁর পরনে ছাই রঙের ফুলপ্যান্ট ও হালকা হলুদ রঙের ফুলহাতা জামা ছিল। লাশের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ: গতকাল ভোরে সিদ্ধিরগঞ্জের নয়াআটির মুক্তিনগর হক সুপার মার্কেট এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সুইটি (২২) নামের এক তরুণী খুন হয়েছেন। সুইটি আদমজী ইপিজেড এলাকার ইউনিভার্সেল ম্যানসওয়্যার লিমিটেড নামের একটি পোশাক কারখানার কর্মী ছিলেন। তিনি মুক্তিনগর এলাকায় ভাড়া থাকতেন। তাঁর বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাঁশখালী এলাকায়।
স্থানীয় ব্যক্তিরা জানান, সুইটি হক সুপার মার্কেটের ওই পথ দিয়ে কারখানায় যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সুইটির চিৎকারে তাঁর আত্মীয়স্বজন ও স্থানীয় মানুষ তাঁকে উদ্ধার করে শিমরাইলের সাজেদা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্বজনেরা পুলিশকে ঘটনাটি না জানিয়ে লাশ গ্রামের বাড়িতে নিয়ে যান।
সাজেদা হাসপাতালের ব্যবস্থাপক শাহজাহান জানান, গতকাল ভোরে ছুরিকাঘাতের শিকার এক নারীকে হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু এর আগেই তাঁর মৃত্যু হয়।
মানিকগঞ্জ: সদর উপজেলার অষ্টদোনা গ্রামে গতকাল শুক্রবার প্রতিপক্ষের হামলায় মোতালেব মোল্লা (৭০) নামের এক বৃদ্ধ খুন হয়েছেন। এ ঘটনায় নিহতের চার ছেলে মোস্তাফিজুর রহমান (৪৮), মনির হোসেন (৪৫), সিরাজুল ইসলাম (৩৫) ও জাকির হোসেন (৩২) গুরুতর আহত হয়েছেন। তাঁদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মোতালেবের বাড়ির সামনে রাস্তার পাশে চার শতক খাসজমি তিনি ভোগদখল করে আসছেন। সম্প্রতি গ্রামের শাহিনুর ইসলাম, আক্কাস ব্যাপারী, কালু মিয়া, আমিনুর রহমানসহ কয়েকজন ওই জমির ওপর ক্লাবঘর নির্মাণ করতে চান। গতকাল বেলা ১১টার দিকে ওই চারজনসহ ২০-২৫ জন সেখানে ঘর তুলতে গেলে মোতালেব বাধা দেন। একপর্যায়ে তাঁরা দা, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে মোতালেব ও তাঁর ছেলেদের ওপর হামলা চালান।
সদর থানার এসআই রহমত আলী বলেন, পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করায়। অবস্থার অবনতি হলে মোতালেবকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।