গাজীপুরে কুপিয়ে টাকা ছিনতাই
গাজীপুরের কালিয়াকৈরে প্রকাশ্যে কুপিয়ে খোরশেদ মণ্ডল নামের এক ব্যক্তির কাছ থেকে দেড় লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে একদল ছিনতাইকারী।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার সফিপুর আহম্মদনগর চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে আটক করেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গাজীপুর সিটি করপোরেশনের ভারান্ডা এলাকার খোরশেদ আলম ও সামছুল মোল্লা নামের দুই ব্যক্তি গরু কেনার জন্য গতকাল বৃহস্পতিবার বিকেলে কালিয়াকৈরের সফিপুর বাজারে আসছিলেন। তাঁরা সফিপুর বাজারে আসার পথে আহম্মদনগর চৌরাস্তা নামক স্থানে পৌঁছানোমাত্রই একদল ছিনতাইকারী তাঁদের গতিরোধ করে। পরে তাঁদের কাছে থাকা গরু কেনার দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁদের দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে তাঁদের কাছ থেকে দেড় লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায়।
কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সাইফুল আলম জানান, খবর পেয়ে সন্ধ্যায় ওই এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।