গাজীপুরে কুপিয়ে স্কুলছাত্রীকে হত্যা
গাজীপুরের কাপাসিয়ায় মাহফুজা আক্তার (১২) নামের ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার জায়গীর গ্রামে এ ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার সকালে মাহফুজার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। মাহফুজা কাপাসিয়ার জায়গীর গ্রামের কবির হোসেনের মেয়ে। সে তার ফুফু রিনা বেগমের বাসায় থেকে চাঁদপুর উচ্চবিদ্যালয়ে পড়ত।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে রিনা ও মাহফুজা ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে দুজনকে কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মাহফুজার মৃত্যু হয়। রিনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বজনেরা জানান, চার-পাঁচ দিন আগে স্থানীয় বকুল মিয়ার ছেলে মো. নাঈমকে পুলিশ ধাওয়া দেয়। নাঈম কোনো উপায় না পেয়ে রিনা বেগমের বাড়িতে আশ্রয় নিতে চেয়েছিল। কিন্তু নাঈম সন্ত্রাসী হওয়ায় রিনা তাকে আশ্রয় দেননি। পুলিশ সে রাতে নাঈমকে গ্রেপ্তার করে। রিনা বেগমের কারণে তাকে পুলিশের হাতে ধরা পড়তে হয়েছিল বলে সে লোকজনের কাছে ক্ষোভ প্রকাশ করেছিল।