গাজীপুরে কুপিয়ে তরুণকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে গত শুক্রবার রাতে সাইফুল ইসলাম ওরফে সম্রাট নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করেছে।

সাইফুল ইসলাম (২৭) চাঁদপুরের মতলব এলাকার শামসুল হকের ছেলে। তিনি টঙ্গীর দত্তপাড়া এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১২টার দিকে দত্তপাড়া এলাকার আলম মার্কেটের সামনে সাত-আটজন তরুণের সঙ্গে সাইফুলের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সাইফুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান তরুণেরা। ঘটনাস্থলেই সাইফুল মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। সাইফুলের বিরুদ্ধে টঙ্গী থানায় খুন, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা আছে। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় সাইফুলের মা সাহারা খাতুন টঙ্গী মডেল থানায় মামলা করেছেন।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।