গাজীপুরে গজারি বন থেকে দুই শিশুর লাশ উদ্ধার
গাজীপুরের সালনায় ভাওয়াল জাতীয় উদ্যানের গজারি বনের ভেতর থেকে আজ সোমবার সকালে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশু দুটির বয়স ছয় থেকে সাত বছরের মধ্যে, তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশের ধারণা, দুর্বৃত্তরা শিশু দুটিকে শ্বাসরোধ করে হত্যার পর ওই স্থানে ফেলে গেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে গজারি বনে আজ সকাল আটটার দিকে এলাকাবাসী দুই শিশুর লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে জয়দেবপুর থানাধীন হোতাপাড়া ফাঁড়ি পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
পুলিশের ধারণা, ওই দুই শিশুকে দুর্বৃত্তরা কোথাও থেকে অপহরণ করেছিল। মুক্তিপণ না পেয়ে বা অন্য কোনো কারণে তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাদের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। তাদের একজনের পরনে কালো রঙের ফুল প্যান্ট ও লাল-সবুজ-কালো রঙের গেঞ্জি এবং অপর শিশুর পরনে ছাই রঙের ফুল প্যান্ট এবং কমলা রঙের গেঞ্জি আছে।
হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।