গাজীপুরে গণপিটুনিতে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় গত বুধবার রাতে গরুচোর সন্দেহে এলাকাবাসী পিটুনি দিলে এক ব্যক্তি নিহত হন। গতকাল বৃহস্পতিবার পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করেছে।
নিহত ব্যক্তি হলেন কুমিল্লার লাকসাম উপজেলার ইউসুফ মিয়া (৪৫)। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় থাকতেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাত একটা থেকে দেড়টার মধ্যে বানিয়ারচালা এলাকার বাচ্চু মিয়ার বাড়িতে তিন গরুচোর ঢুকে পড়ে। বাচ্চু মিয়া তাদের উপস্থিতি টের পেয়ে ঘর থেকে বাইরে আসেন। তাঁকে দেখে চোরেরা পালিয়ে যায়। পরে ওই চোরেরা আধা কিলোমিটার দূরে একই এলাকার অপর একটি বাড়ির গোয়ালঘর থেকে গরু চুরির চেষ্টা করে। বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করেন। একপর্যায়ে এলাকাবাসী সেখানে এসে চোরদের ধাওয়া দেন। এ সময় ইউসুফ ধরা পড়লেও তাঁর দুই সহযোগী পালিয়ে যায়। পরে এলাকাবাসী পিটুনি দিলে ঘটনাস্থলেই ইউসুফ মারা যান। এলাকাবাসী তাঁর পকেটে থাকা কাগজপত্র ঘেঁটে তাঁর পরিচয় জানতে পারেন।
গতকাল সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল বানিয়ারচর এলাকায় এসে ইউসুফের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজাহারুল ইসলাম জানান, এ ব্যাপারে জয়দেবপুর থানায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে।