গাজীপুরে গণপিটুনিতে 'ডাকাত' নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার নামিলা গ্রামে গত বুধবার গভীর রাতে চার বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতের দল একটি মোটরসাইকেল, স্বর্ণালংকার, মুঠোফোন সেট, টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। তবে গ্রামবাসীর ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় পিটুনিতে এক ‘ডাকাত’ নিহত হন।
নিহত ওই ব্যক্তির নাম শামীম হোসেন (৪০)। বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা বকুলতলা গ্রামে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ১৫-১৬ জন সশস্ত্র ডাকাত নামিলা গ্রামের মকবুল হোসেনের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা দরজা ভেঙে ঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে মকবুলের মা ও তাঁর ছোট ভাই বাদলের স্ত্রীর সোনার অলংকার, ৩০ হাজার টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় মকবুলের একটি মোটরসাইকেলও নেয়। পরে পাশের জামাল উদ্দিন ও সৌদিপ্রবাসী জলিল ওরফে অহুমুদ্দিনের বাড়িতে একই কায়দায় স্বর্ণালংকার ও ১০ হাজার টাকাসহ মূল্যবান মালামাল লুট করে। ডাকাতেরা মালামাল লুটে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ধাওয়া দেয়। এতে ডাকাতেরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। পরে গ্রামবাসী নামিলা-উলুসরা সড়কের বড় খালের ঢালে লুকিয়ে থাকা ডাকাত শামীমকে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ প্রথম আলোকে জানান, শামীমের বিরুদ্ধে গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা ও নরসিংদীর বিভিন্ন থানায় ডাকাতি, হত্যাসহ ২২টি মামলা রয়েছে। ময়নাতদন্ত শেষে তাঁর লাশ স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। থানায় হত্যা মামলা হয়েছে।