গাজীপুরে গলা কেটে পোশাকশ্রমিককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় গত শুক্রবার দিবাগত রাতে এক পোশাকশ্রমিককে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গতকাল শনিবার দুজনকে আটক করেছে পুলিশ।
নিহত শ্রমিক ময়মনসিংহের ভালুকা উপজেলার শহীদুল্লাহর ছেলে মো. আজাহার হোসেন (২৩)। তিনি বানিয়ারচালা এলাকার একটি ভাড়াবাড়িতে থেকে স্থানীয় এক পোশাক কারখানায় চাকরি করতেন। আটক দুজন হলেন শাকিব হোসেন (২২) ও মো. রনি (২৪)।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, তিন বছর ধরে আজাহার বানিয়ারচালা এলাকায় থেকে পোশাক কারখানায় চাকরি করছেন। তিন মাস আগে নিজের এলাকার শাকিব হোসেনকে (২২) ওই কারখানায় চাকরি দেন আজাহার। তাঁর কক্ষেই ভাড়া ছিলেন শাকিব। বৃহস্পতিবার বিকেলে কারখানার কাজ সেরে তাঁরা দুজনে গ্রামের বাড়ি যান। শুক্রবার সন্ধ্যায় তাঁরা আবার বানিয়ারচালার বাসায় ফেরেন। পরে তাঁরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত একটার দিকে একই বাড়ির পাশের ভাড়াটে সুজিত চন্দ্র ঘর থেকে বের হন। এ সময় আজাহারের কক্ষের দরজা খোলা ও গোঙানির শব্দ শুনতে পান তিনি। পরে দরজার কাছে গিয়ে বিছানায় গলাকাটা অবস্থায় আজাহারকে দেখে চিৎকার শুরু করেন সুজিত। এর কিছুক্ষণ পর আজাহার মারা যান। এ সময় শাকিব ঘরে ছিলেন না। খবর পেয়ে লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।