গাজীপুরে গার্মেন্টস মালিককে গুলি, ৬৬ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে ব্যস্ততম এলাকায় আজ রোববার দুপুরে এক গার্মেন্টস মালিককে গুলি করে ৬৬ লাখ ৫০ হাজার টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি এলাকায় ওই ঘটনা ঘটে।

ছিনতাইকারীদের গুলিতে গুরুতর আহত গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রবিউল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত হয় ওই কারখানার হিসাবরক্ষণ কর্মকর্তা ও গাড়ির চালক মোজাম্মেল হক।
ছিনতাইকারীদের হামলায় আহত প্রাইভেট কারের চালক মো. মোজাম্মেল হক বলেন, টঙ্গীর আরএন করপোরেশনের এমডি রবিউল ইসলাম ও হিসাবরক্ষণ কর্মকর্তাকে নিয়ে ঢাকার উত্তরার অফিস থেকে গাজীপুর চান্দরা চৌরাস্তার ইসলামী ব্যাংক কার্যালয়ে আসেন। সেখান থেকে শ্রমিকদের বেতনের টাকা তুলে কারখানায় ফেরার পথে মালেকের বাড়ি এলাকায় একটি হলুদ রঙের পিকআপ দিয়ে তাঁদের গতিরোধ করে। পরে পেছন থেকে দুটি মোটরসাইকেলে চার-পাঁচজন ছিনতাইকারী তাঁর প্রাইভেট কারের দুই পাশে এসে দাঁড়ায়। একপর্যায়ে ছিনতাইকারীরা গুলি করে এবং লোহার রড দিয়ে প্রাইভেট কারের সামনের এবং পাশের দুটি কাচ ভেঙে ফেলে। পরে তাঁকে ও হিসাবরক্ষণ কর্মকর্তাকে মারধর করে। একপর্যায়ে পেছনের ছিটে বসা কারখানার এমডি মো. রবিউল ইসলামকে গুলি করে টাকার ব্যাগ নিয়ে মোটরসাইকেলে করে দ্রুত ঢাকার দিকে পালিয়ে যায়।
জয়দেবপুর থানার ভোগড়া ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জাকির হোসেন বলেন, পাঁচ লাখ টাকার ওপরে টাকা বহন করলে পুলিশকে জানানোর কথা। কিন্তু তাঁরা তা করেননি। প্রাথমিকভাবে জানা গেছে, ৬৬ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই হয়েছে। পুলিশ ছিনতাইকারীদের ধরতে ইতিমধ্যে অভিযান শুরু করেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।
খবর পেয়ে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাখাওয়াৎ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছিনতাইকারীদের শনাক্ত করতে তাঁরা আশপাশের বিভিন্ন ভবনের সিসি ক্যামেরাগুলো পর্যবেক্ষণ করছেন।