গাজীপুরে গৃহকর্মীকে নির্যাতন, স্বামী ও স্ত্রী গ্রেপ্তার
গাজীপুর সিটি কারপোরেশনের উত্তর ছায়াবীথি এলাকায় এক গৃহকর্মীকে নির্যাতনের ঘটনা ঘটেছে। নির্যাতনের অভিযোগে গত শনিবার স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তৌহিদুল হাসান ওরফে মাহমুদ তরুণ ও তাঁর স্ত্রী বদরুন্নাহার ফাতেমা ওরফে লিজা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ময়মনসিংহের নান্দাইল উপজেলার জলবান্ধা গ্রামের ইয়াসমিন আক্তার ওরফে ময়নাকে (১২) তিন মাস আগে ৮০০ টাকা বেতনে উত্তর ছায়াবীথি এলাকার তৌহিদুল হাসানের বাসায় গৃহকর্মীর কাজ নেয়। এর পর থেকেই ময়নার ওপর নানা কারণে নির্যাতন চালানো হতো।
আহত ময়না জানায়, গত বুধবার দুপুরে খিঁচুড়ি রান্না করার ব্লেন্ডারে খিঁচুড়ি লেগে আছে—এ অজুহাতে গৃহকর্ত্রী লিজা তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটান। একপর্যায়ে তার চুলের মুঠি ধরে কিল-ঘুষি ও লাথি মারেন।
পুলিশ জানায়, ওই ঘটনার পর মেয়েটি বাসা থেকে চলে যাওয়ার কথা জানায় গৃহকর্ত্রীকে। গত বৃহস্পতিবার সে বাসা থেকে চলে আসতে চাইলে তাকে স্টিলের পাইপ দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে স্টিলের তার গরম করে ময়নার ডান হাতের নখের নিচে ঢুকিয়ে দেওয়া হয়। তারপর রান্না করার লোহার খুনতি গরম করে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দিয়ে জখম করেন তাঁরা। পরে সে অসুস্থ হয়ে পড়লে গত শুক্রবার গাজীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে ওই দিনই আবার তাকে বাসায় নিয়ে আসেন তাঁরা।
গত শুক্রবার রাতে পুলিশ আইন সহায়তা কেন্দ্র (আসক ফাউন্ডেশন) নামের একটি মানবাধিকার সংস্থার কাছ থেকে খবর পেয়ে বাসা থেকে গৃহকর্মী ময়নাকে উদ্ধার করা হয়। পরে গত শুক্রবার রাতেই নির্যাতিতা বাদী হয়ে জয়দেবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।