গাজীপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক গৃহবধূকে তাঁর স্বামী কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার ভান্নারা এলাকায় ওই ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম নাছরিন আক্তার (২৮)। তাঁর বাড়ি বরিশাল সদরে।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম বলেন, শুক্রবার মধ্যরাতে স্বামী নূরুল ইসলামের (৩৬) সঙ্গে নাছরিনের কথা-কাটাকাটি হয়। রাতের খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়েন। ঘরের পাশের বারান্দায় নূরুলের অসুস্থ বাবা ঘুমিয়ে ছিলেন। নিহত গৃহবধূর বড় ছেলে শান্তর (৮) বরাত দিয়ে তিনি বলেন, গতকাল শনিবার ভোরে ঘুম থেকে জেগে ঘরের মেঝেতে মায়ের লাশ দেখতে পায় শান্ত। পাশেই রক্তমাখা একটি বঁটি পড়ে ছিল। লাশের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ সময় নূরুল ঘরে ছিলেন না। ঘরের দরজাও খোলা ছিল।
এ ঘটনায় গৃহবধূর বাবা আব্বাস তালুকদার বাদী হয়ে গতকাল থানায় হত্যা মামলা করেছেন। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই সাইফুল ইসলাম।