গাজীপুরে গৃহবধূকে টেনেহিঁচড়ে প্রকাশ্যে পিটুনি
স্থানীয় মাতবরের ডাকে সাড়া না দেওয়ায় খাবারের সামনে থেকে তুলে নিয়ে এক গৃহবধূকে মারধর করা হয়েছে। গতকাল সোমবার গাজীপুরের কালিয়াকৈরে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গৃহবধূর স্বামী স্থানীয় একটি কারখানায় কাজ করেন। জমিজমা নিয়ে তাঁদের সঙ্গে প্রতিবেশী হোসেন খানের বিরোধ চলছে। হোসেন খানের সঙ্গে এলাকার মাতবর মো. জালাল উদ্দিন আহমদের সুসম্পর্ক রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুরে হঠাৎ মাতবর জালাল তাঁর বাড়িতে গৃহবধূকে ডেকে পাঠান। এ সময় ওই নারী দুপুরের খেতে বসেছিলেন। তিনি বিষয়টি মুঠোফোনে তাঁর বড় ছেলেকে জানান। তাঁর ছেলে দ্রুত বাড়িতে ছুটে আসেন। তিনি (ছেলে) এসে দেখেন, তাঁর মাকে জালাল উদ্দিন চুল ধরে টেনেহিঁচড়ে ঘর থেকে বের করছেন। জালালের সহযোগী হিসেবে ছিলেন হোসেন খান ও তাঁর বোন। হোসেন খান একটি লাঠি জালাল উদ্দিনের হাতে তুলে দেন। জালাল সবার সামনে গৃহবধূকে বেদম মারধর করেন।
গৃহবধূকে নির্যাতনের বিষয়টি স্বীকার করে জালাল উদ্দিন বলেন, হোসেন খান তাঁর দাদার কবর বাঁধাতে গেলে তাতে বাধা দেন ওই নারী। এসব ব্যাপারে গৃহবধূকে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু তিনি তাতে সাড়া দেননি। এ জন্য তাঁকে মারধর করে কর্তব্য পালন করেছেন।