গাজীপুরে গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের বাঘিয়া এলাকায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই গৃহবধূর স্বামী ও শাশুড়িকে আটক করেছে।

তিন বছর আগে গাজীপুর সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের জয়েরটেক এলাকার নিগার সুলতানার (২১) সঙ্গে বাঘিয়া এলাকার মো. রতন মিয়ার বিয়ে হয়।

পুলিশ ও এলাকাবাসীর ভাষ্যমতে, বিয়ের কিছুদিন পর থেকে রতন ও নিগারের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গত শুক্রবার রাতে নিগারকে শ্বশুরবাড়ির লোকজন বেদম মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে কোনাবাড়ী এলাকার একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক নিগারকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গতকাল শনিবার সকালে তাঁর লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

নিগারের বাবা সিরাজ মিয়া বলেন, রতন মিয়া প্রায়ই নিগারকে মারধর করতেন এবং তাঁর কাছ থেকে টাকা নিয়ে দিতে বলতেন। কিছুদিন আগেও রতনকে ৩০ হাজার টাকা দেওয়া হয়। তাঁর অভিযোগ, রতন, তাঁর মা রোকেয়া বেগমসহ আরও কয়েকজন মিলে নিগারকে গলা টিপে হত্যা করেন। নিগার তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও টঙ্গী সার্কেল) মো. সাখাওয়াত হোসেন বলেন, এ ঘটনায় নিগারের স্বামী ও শাশুড়িকে পুলিশ আটক করেছে।

 টঙ্গিবাড়ীতে ছুরিকাঘাতে নিহত ১ 

মুন্সিগঞ্জ সংবাদদাতা জানান, মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পূর্বকান্দায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত ও একজন আহত হয়েছেন। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গতকাল শনিবার রাতে তাঁদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত ব্যক্তি হলেন শাহ্ আলম খান (৫০)। আহত ব্যক্তির নাম মো. আলী হোসেন (৪০)। দুজনই পূর্বকান্দার বাসিন্দা। আলী হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, একই গ্রামের শাহ আলম খান ও রাসেল মোল্লার পরিবারের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল রাত সাড়ে আটটার দিকে শাহ আলম তাঁর আত্মীয় আলী হোসেনকে নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় শাহ আলমের বাড়ির পাশে ওত পেতে থাকা রাসেল মোল্লাসহ তিনজন ধারালো ছুরি দিয়ে তাঁদের এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান। স্থানীয় ব্যক্তিরা আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সাড়ে নয়টার দিকে চিকিৎসক শাহ আলমকে মৃত ঘোষণা করেন। আলী হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে কথা বলার চেষ্টা করেও রাসেল মোল্লার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

জানতে চাইলে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ার দৌস হাসান বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 গৃহবধূর লাশ উদ্ধার 

কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকায় একটি কারখানা থেকে গতকাল শনিবার মিনা বেগম (৪৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তাঁর স্বামী আবুল কাশেম পলাতক। এই দম্পতির ছেলের অভিযোগ, বাবাই তাঁর মাকে হত্যা করেছেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম বলেন, মাথায় আঘাত করে ও শ্বাসরোধে মিনা বেগমকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।