গাজীপুরে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে লাশবাহী অ্যাম্বুলেন্সে ছিনতাইয়ের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও তিন কনস্টেবলকে গতকাল শনিবার প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে ১৩ জনকে আটক করা হয়েছে।
পুলিশ সদস্যরা হলেন টঙ্গী থানার এসআই আবদুল মান্নান, কনস্টেবল হযরত আলী, মতিউর রহমান ও আবদুস সাত্তার।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে একদল ছিনতাইকারী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীর গাজীপুরা বাঁশপট্টি এলাকায় লাশবাহী অ্যাম্বুলেন্সের গতিরোধ করে। ছিনতাইকারীরা নিহত ব্যক্তির স্বজনদের স্বর্ণালংকার, নগদ টাকা ও কয়েকটি মুঠোফোন লুট করে। এ সময় ঘটনাস্থলের পাশে পুলিশ থাকলেও তারা এগিয়ে আসেনি। এ ব্যাপারে গতকাল বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও নজরে আসে।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে ওই চার পুলিশ সদস্যকে গাজীপুর পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজন ১৩ জনকে আটক করা হয়েছে।
ঢাকার হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন টঙ্গী বাটা শুি কোম্পানির সাবেক কর্মচারী শাহজাহান তালুকদার (৬৫) গত বৃহস্পতিবার রাতে মারা যান। রাতে হাসপাতাল থেকে বাড়ি নেওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীর গাজীপুরা বাঁশপট্টি এলাকায় তাঁর লাশবাহী অ্যাম্বুলেন্সে ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে।