গাজীপুরে ছাত্রদের বাসে না তোলায় ভাঙচুর, আহত ২০
গাজীপুরের কালিয়াকৈরে গাড়িতে না তোলায় ক্ষুব্ধ হয়ে কোনাবাড়ীর আরিফ কলেজের ছাত্ররা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচলকারী যানবাহনে ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলা চালিয়েছে। গতকাল রোববার দফায় দফায় হামলা ও ভাঙচুরের ঘটনায় পথচারীসহ কমপক্ষে ২০ জন আহত হন।
প্রত্যক্ষদর্শী, বাসশ্রমিক ও পুলিশ সূত্র জানায়, কোনাবাড়ী এলাকার আরিফ কলেজের অর্ধশতাধিক ছাত্র গতকাল সকালে মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় ও সফিপুর থেকে যাত্রীবাহী পলাশ পরিবহনের একটি বাসে ওঠার চেষ্টা করে। কিন্তু গাড়িতে অতিরিক্ত যাত্রী থাকায় তাদের আর তোলা হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা চন্দ্রা অতিক্রমকালে ইটপাটকেল নিক্ষেপ করে পলাশ পরিবহনসহ একাধিক বাসের কাচ ভাঙচুর করে। ছাত্রদের গাড়িতে না তোলার খবর ছড়িয়ে পড়লে ওই কলেজের শিক্ষার্থীরা সড়কের বিভিন্ন স্থানে যানবাহন ভাঙচুর করে। পরে পুলিশের হস্তক্ষেপে ছাত্ররা শান্ত হয়। তবে কলেজ ছুটির পর তারা আবার সড়কের কোনাবাড়ী, সফিপুর এলাকায় যানবাহন ভাঙচুর করে। দুই দফায় তারা ২০ থেকে ২৫টি যানবাহন ভাঙচুর করে। এ সময় ২০ জন আহত হয়।