গাজীপুরের কালিয়াকৈরে যুবলীগ নেতা রফিকুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি ছাত্রলীগ নেতা শেখ রিয়াদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গত বুধবার রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রিয়াদ (২৯) কালিয়াকৈরের ভাতারিয়া এলাকার মো. শাহ আলমের ছেলে। তিনি কালিয়াকৈর পৌর ছাত্রলীগের সভাপতি।
যুবলীগ নেতা রফিকুল ইসলাম ২১ আগস্ট খুন হন। এ ঘটনায় তাঁর বড় ভাই মামুন সিরাজুল কালিয়াকৈর থানায় মামলা করেন। ওই মামলায় ১০ জন আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকে আসামি করা হয়।
মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছে গাজীপুর গোয়েন্দা পুলিশ। দায়িত্ব পাওয়ার পরপরই তারা আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালায়। বুধবার রাতে কেরানীগঞ্জের হোগলাকাদি এলাকায় বোরহান উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে রিয়াদকে গ্রেপ্তার করা হয়। তাঁকে গতকাল সকালে গাজীপুর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে আসা হয়। গাজীপুর গোয়েন্দা পুলিশের এসআই মো. ইকবাল হোসেন জানান, অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।