গাজীপুরে জনতা ব্যাংক থেকে ৬০ লাখ টাকা চুরি
গাজীপুর জেলা শহরে জনতা ব্যাংকের করপোরেট শাখা থেকে গত শনিবার রাতে ৬০ লাখ টাকা চুরি হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ব্যাংকের দুই নিরাপত্তা প্রহরীকে গ্রেপ্তার এবং আরও দুজনকে আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন নিরাপত্তা প্রহরী নূরুল ইসলাম ও মুজিবর রহমান। আটক করা হয়েছে আরেক নিরাপত্তা প্রহরী মহিউদ্দীন এবং তানভীর প্লাজার ব্যবস্থাপক নিত্যানন্দ সাহাকে। শহরের জয়দেবপুর বাজার এলাকায় তিনতলা ভবন নিয়ে তানভীর প্লাজা। এর দ্বিতীয় তলায় জনতা ব্যাংকের ওই শাখা।
ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. সোলাইমান জানান, শনিবার রাতে দায়িত্বে ছিলেন নিরাপত্তা প্রহরী নূরুল ইসলাম। রোববার সকাল আটটায় তাঁর দায়িত্ব শেষ হওয়ার পর দায়িত্বে যান মুজিবুর রহমান। কিন্তু মুজিবুর ব্যাংকে গিয়ে নূরুলকে না পেয়ে ডাকাডাকি করেন। এর পরও না পেয়ে ফোনে বিষয়টি তাঁকে (সোলাইমান) জানান। এরপর তিনি ব্যাংকে গিয়ে আশপাশের লোকজন ডেকে তালা ভেঙে ব্যাংকের ভেতরে ঢুকে দেখেন প্রহরী নূরুল অচেতন হয়ে পড়ে আছেন। ব্যাংকের ভল্ট ভাঙা। ৬০ লাখ টাকা চুরি হয়েছে। পরে নূরুলকে সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তিনি সুস্থ হন।
নূরুল পুলিশকে জানান, ব্যাংকের ওই শাখার পাশে জাকির হোসেন নামের এক ব্যবসায়ীর কাপড়ের দোকান রয়েছে। শনিবার রাত ১০টার দিকে জাকির কিছু ফল নিয়ে আসেন এবং টয়লেটে যাওয়ার কথা বলে ভেতরে ঢুকতে চান। তিনি প্রধান ফটক খুলে দিলে জাকির ভেতরে ঢুকে তাঁকে ফল খেতে দেন। এরপর তিনি কিছু বলতে পারেন না।
গতকাল ব্যাংকে গিয়ে দেখা যায়, ব্যাংকের ভল্ট ভাঙা। একটি জানালার গ্রিল খুলে পড়ে আছে। বিভিন্ন স্থানে কাগজপত্রও তছনছ করা অবস্থায় রয়েছে। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান বলেন, ৬০ লাখ টাকা চুরির অভিযোগে ব্যাংকের পক্ষ থেকে মামলা করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার ও আরও দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।