গাজীপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার চৈতারপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন নিহত ও কমপক্ষে আটজন আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত দুজন হলেন রুহুল আমিন (৪২) ও মোশারফ হোসেন (৪৫)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কালীগঞ্জ পৌরসভার চৈতারপাড়া গ্রামে গত মঙ্গলবার বিকেলে জমির সীমানাপ্রাচীর নিয়ে একই গ্রামের আতাউর ও সাদেকের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষই দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সাদেকের পক্ষের দুজন এবং আতাউরের পক্ষের আটজন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে মো. সোহেল, মামুন মিয়া, মো. শাহিন, রেজাউল হক, মো. মোস্তফা, মোশারফ হোসেন, আতাউর রহমান, রুহুল আমিনসহ অজ্ঞাত আরও দুজনকে স্থানীয় লোকজন পুলিশের সহায়তায় প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রুহুল ও মোশারফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার তাঁরা মারা যান। হতাহত ব্যক্তিদের সবাই চৈতারপাড়া গ্রামের বাসিন্দা।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া জানান, এ ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি।