গাজীপুরে জামায়াত-শিবিরের ৩৪ নেতা-কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর জেলা শহরের শিববাড়ির একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে জামায়াত-শিবিরের ৩৪ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের দখল থেকে ২০টি পেট্রলবোমাসহ বেশ কিছু সরকারবিরোধী প্রচারপত্র জব্দ করা হয়েছে বলে পুলিশের দাবি।
পুলিশ জানায়, নাশকতার উদ্দেশ্যে জামায়াত-শিবিরের বেশ কিছু নেতা-কর্মী জমায়েত হয়েছেন—এমন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে আটটার দিকে ইউরোবাংলা চায়নিজ রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। পরে সেখান থেকে গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি মো. খায়রুল হাসানসহ ৩৪ জনকে আটক করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য জয়দেবপুর থানায় নেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন হরতাল-অবরোধ চলাকালে গাড়ি ভাঙচুর, গাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও নাশকতার মামলার আসামিও রয়েছেন।
মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির এস এম সানাউল্লাহ জানান, গতকাল সন্ধ্যায় ওই রেস্তোরাঁয় তাঁদের কিছু নেতা-কর্মী ও সাধারণ মানুষ একটি চা-চক্রে মিলিত হন। পরে পুলিশ তাঁদের সেখান থেকে আটক করে নিয়ে যায়। তাঁদের কাছে পেট্রলবোমা বা প্রচারপত্র ছিল না। পুলিশ পরিকল্পিতভাবে তাঁদের আটক করে ওসব বোমা-প্রচারপত্র উদ্ধার দেখিয়েছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান জানান, আটক ব্যক্তিরা নাশকতার পরিকল্পনা করতেই বৈঠকে বসেছিলেন—এমন গোপন খবর তাঁর কাছে ছিল।