গাজীপুরে জুয়াড়িদের হামলায় তিন সাংবাদিক আহত
গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় জুয়াড়িদের হামলায় তিনজন সাংবাদিক আহত হয়েছেন। জুয়ার আসর নিয়ে প্রতিবেদন করার জন্য তথ্য সংগ্রহ করতে গেলে গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন আরটিভির আজহারুল হক, জিটিভির মো. আবদুল্লাহ আল মামুন ও মোহনা টেলিভিশনের মো. আতিকুর রহমান। তাঁরা সবাই গাজীপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
আহত সাংবাদিকেরা বলেন, তাঁরা তিনজন ও একাত্তর টেলিভিশনের সাংবাদিক ইকবাল সরকার গতকাল বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক নিয়ে প্রতিবেদন করতে শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় যান। সেখান থেকে ফেরার পথে গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় দেখেন এক জায়গায় অনেক ব্যক্তিগত গাড়ি জড়ো হয়ে আছে। তখন তাঁরা স্থানীয় বাসিন্দাদের কাছে জিজ্ঞেস করে জানতে পারেন, সেখানে জুয়া ও অশ্লীল নৃত্যের আসর বসানো হয়েছে।
এ খবর শুনে তাঁরা সেখানে গিয়ে ছবি তুলতে থাকেন। এ সময় জুয়ার আসরের ১৫-১৬ জন তাঁদের ওপর হামলা চালায়। এ সময় ইকবাল সরকার পালিয়ে এলেও জুয়াড়িরা অন্য তিনজনকে আটক করে ও লাঠিসোঁটা দিয়ে বেদম মারধর করে। হামলাকারীরা তাঁদের ক্যামেরা, মুঠোফোন ও টাকা লুট করে নেয়। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
হামলার খবর পেয়ে গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জামিল আহমেদ হাসপাতালে তাঁদের দেখতে যান। এ সময় পুলিশ সুপার জানান, তিন ঘণ্টার মধ্যে ওই জুয়ার আসর ভেঙে দিয়ে হামলাকারীদের গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে।
সাংবাদিক ইকবাল সরকার প্রথম আলোকে গতকাল বলেন, জুয়ার আসর নিয়ে প্রতিবেদন করার ছবি তোলার সময় অতর্কিতভাবে হামলা চালানো হয়।