গাজীপুরে টাকা লুট, ময়মনসিংহে মিলল ফাঁকা ট্রাংক!
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বাঁশদী গ্রামের একটি পুকুর থেকে আজ বৃহস্পতিবার দুটি ফাঁকা ট্রাংক ও একটি এটিএম কার্ড উদ্ধার করেছে পুলিশ। ট্রাংক দুটি গাজীপুরের কালিয়াকৈরে ডাচ্-বাংলা ব্যাংকের একটি ফাস্ট ট্র্যাক এটিএম বুথ থেকে লুট হওয়া টাকার ট্রাংক বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
ফুলবাড়ীয়া থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়ীয়ার আছিম পাটুলী ইউনিয়নের বাঁশদী গ্রামের একটি পুকুরে আজ সকালে দুটি খালি ট্রাংক ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। সকাল দশটার দিকে ফুলবাড়ীয়া থানার পুলিশ ট্রাংক দুটি উদ্ধার করে। এ সময় একটি ট্যাংকের ভেতর ডাচ্-বাংলা ব্যাংকের একটি এটিএম কার্ড পাওয়া যায়। অন্যটি ছিল ফাঁকা। পুলিশের ধারণা কালিয়াকৈর উপজেলায় ডাচ্-বাংলা ব্যাংকের টাকা লুট হওয়ার সঙ্গে এই দুটি ট্রাংক ও এটিএম কার্ডের যোগসূত্র থাকতে পারে। পরে কালিয়াকৈর থানার পুলিশকে বিষয়টি জানানো হয়।
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কালিয়াকৈর থানা-পুলিশের কাছে দুটি ট্রাংক ও এটিএম কার্ডটি হস্তান্তর করা হয়েছে। কালিয়াকৈর ওসি আবদুল মোতালেব মিয়া জানান, ট্রাংক দুইটি লুট হওয়া টাকার ট্রাংক বলে শনাক্ত করা হয়েছে।
আরও পড়ুন: