গাজীপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের মৈরান এলাকায় গত মঙ্গলবার রাতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছে। এ সময় গণপিটুনিতে আহত মো. রাসেল মিয়া (৩০) নামের অপর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সানপাড়া গ্রামের আবদুল আউয়ালের ছেলে সাদ্দাম হোসেন (২৫) ও শ্রীপুর উপজেলার মাওনা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন (৩০)।
এলাকার কয়েকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, মৈরান এলাকায় গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় এলাকার লোকজন ডাকাতদের উপস্থিতি টের পেয়ে তাদের ঘিরে ফেলে। পরে তারা ডাকাতদের ধাওয়া করে বিল্লাল, সাদ্দাম ও রাসেলকে আটক করে পিটুনি দেয়। এতে ওই তিনজন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে বিল্লালকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ সময় সাদ্দাম ও রাসেলকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল সাড়ে নয়টার দিকে সাদ্দাম মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রামদা ও একটি বড় কাটার উদ্ধার করেছে। এ ছাড়া পুলিশ রাসেলকে গ্রেপ্তার করেছে।