গাজীপুরের সদর উপজেলার বড় ভবানীপুর এলাকায় গতকাল শনিবার ডাকাত সন্দেহে দুই তরুণকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গত বুধবার একই উপজেলার মাধবপুর এলাকায় ডাকাতদের হামলায় আহত ব্যবসায়ী বাবুল হোসেন গতকাল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার কাশিমপুরের বড় ভবানীপুর এলাকার বনের ভেতর থেকে গত শুক্রবার দুপুরে তাজা বোমা ও ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে দুই তরুণ ওই স্থানে গিয়ে খোঁড়াখুঁড়ি শুরু করে। এলাকাবাসী টের পেয়ে তাদের আটক করে ডাকাত সন্দেহে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করে। আটক হওয়া ওই দুই তরুণ হলেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বাদল মিয়া (৩০) ও পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাসিয়া এলাকার রাসেল (২০)। তারা গাজীপুরের পূবাইল এলাকায় ভাড়া থাকত।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) লিটন মিয়া বলেন, মাধবপুর এলাকার ডাকাতির ঘটনার সঙ্গে বাদল ও রাসেলের সম্পৃক্ততা থাকতে পারে। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ১৫-১৬ জন ডাকাত মাধবপুর এলাকার ব্যবসায়ী আবুল হাসেন ও তাঁর ছোট ভাই বাবুল হোসেনের (৪৫) বাড়িতে হানা দেয়। বাবুল হোসেন ডাকাতদের প্রতিহত করতে গেলে ডাকাতেরা তার মাথায় ককটেল ছুড়ে মারে। এতে তিনি গুরুতর আহত হন। ডাকাতেরা পালিয়ে গেলে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকার অ্যাপেলো হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল সাড়ে ছয়টায় তিনি মারা যান। অপর দিকে, ঘটনার পর তিন দিন পেরিয়ে গেলেও পুলিশ ডাকাতদের গ্রেপ্তার বা লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে পারেনি।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, ওই ঘটনায় ডাকাতির মামলা নেওয়া হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টাও চলছে।