গাজীপুরে ডিবি পরিচয়ে ফের ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার একাডেমির পাশ থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে ডিবি পরিচয়ে গ্রামীণফোনের বিপণন কেন্দ্রের সাড়ে তিন লাখ টাকা ছিনতাই করা হয়েছে।
এদিকে বুধবার গাজীপুর সদর উপজেলার জাজর এলাকা থেকে ডিবি পরিচয়ে নার সোয়েটার লিমিটেড কারখানার শ্রমিকদের বেতনের ৭২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গতকাল ভোরে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কারখানার হিসাবরক্ষক সাইফুল ইসলাম, সহকারী হিসাবরক্ষক মাহবুবুর রশিদ ফকির, প্রশাসনিক কর্মকর্তা আব্বাস আলী ও মাইক্রোবাসের চালক সাইফুল ইসলাম। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ছিনতাইয়ের ওই ঘটনায় বুধবার মধ্যরাতে কারখানার ব্যবস্থাপনা পরিচালক মনির উদ্দিন বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল বলেন, লুণ্ঠিত টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
গাজীপুরে ডিবি পরিচয়ে ৭২ লাখ টাকা ছিনতাই
গ্রামীণফোনের কর্মকর্তা ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় মুক্তার এন্টারপ্রাইজ নামে গ্রামীণফোনের একটি বিপণন কেন্দ্র খোলা হয়েছে। ওই কেন্দ্রের সেলস এক্সিকিউটিভ হাবিবুর রহমান ও সুপারভাইজার সাইফুল ইসলাম চন্দ্রা থেকে সাড়ে তিন লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে করে উপজেলার সফিপুরের উদ্দেশে রওনা দেন। আনসার একাডেমির ১ নম্বর গেট পেরিয়ে একটু সামনে গেলে পেছন থেকে একটি সাদা মাইক্রোবাস এসে মোটরসাইকেলটির গতিরোধ করে। এ সময় তারা নিজেদের ডিবি-পুলিশ পরিচয় দিয়ে হাবিবুর রহমান ও সাইফুল ইসলামকে মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর করে মাইক্রোবাসে তুলে চোখ বেঁধে ফেলে। পরে সাড়ে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে তাদের দুজনকে কালিয়াকৈর বাইপাস এলাকায় ফেলে দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় বিপণন কেন্দ্রের জিএম শেখ সাদী কালিয়াকৈর থানায় জিডি করেছেন।
কালিয়াকৈর থানার এসআই মো. রাজিব জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।