গাজীপুরে ডিবি পরিচয়ে ৭২ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলায় গতকাল বুধবার গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক কারখানার ৭২ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের হামলায় তিনজন আহত হয়েছেন।
কারখানা কর্তৃপক্ষ ও গাজীপুর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার বোর্ডবাজারের জাজর এলাকার নার সোয়েটার লিমিটেড নামের এক কারখানার হিসাবরক্ষক সাইফুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা আব্বাস আলী ও মাইক্রোবাসের চালক সাইফুল ইসলাম গতকাল বিকেলে উত্তরার ইসলামী ব্যাংকের একটি শাখা থেকে এক কোটি ৪৯ লাখ টাকা উত্তোলন করেন। ওই টাকায় তাঁদের দুটি কারখানার শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল। সেখান থেকে একটি কারখানার শ্রমিকদের বেতনের টাকা রেখে তাঁরা ৭২ লাখ টাকা নিয়ে নার সোয়েটার কারখানার উদ্দেশে রওনা দেন।
মাইক্রোবাসে করে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জাজর এলাকায় পৌঁছালে অপর একটি মাইক্রোবাস সামনে থেকে তাঁদের গতিরোধ করে। পরে ওই মাইক্রোবাস থেকে চার-পাঁচজন ছিনতাইকারী নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সবাইকে জিম্মি করে টাকার ট্রাঙ্কসহ তাঁদের ওই মাইক্রোবাসে তুলে নেয়। পরে ছিনতাইকারীরা রাত সাড়ে আটটার দিকে তাঁদের মারধর করে ঘোড়াশাল সেতুর পাশে ফেলে রাখে। পরে ছিনতাইকারীরা আরেকটি মাইক্রোবাসে করে ওই টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় আহত ব্যক্তিদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে দ্রুত তাঁদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নার সোয়েটার কারখানার কমার্শিয়াল কর্মকর্তা মো. গোলাম হোসেন জানান, তাঁদের কারখানায় এক হাজার শ্রমিক রয়েছেন। আজ বৃহস্পতিবার তাঁদের বেতন দেওয়ার জন্য ওই টাকা কারখানায় নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু পথে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইকারীরা ওই টাকা নিয়ে পালিয়ে যায়। তিনি আরও জানান, ছিনতাইকারীদের প্রত্যেকের হাতে ওয়্যারলেস সেট ও পিস্তল ছিল। তাদের কারখানার মালিক মো. মনির উদ্দিন এ ব্যাপারে অভিযোগ দিতে জয়দেবপুর থানায় গেছেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান গতকাল রাত ১০টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেননি।’
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত ব্যক্তিদের উদ্ধার করা হলে প্রকৃত ঘটনা জানা যাবে।