গাজীপুরে ডেকে নিয়ে স্কুলছাত্রকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে মুঠোফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে এক স্কুলছাত্রকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দুপুরে শ্রীপুর উপজেলার নান্দিয়াসাংগুন এলাকার ধানখেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ নিহত ওই ছাত্রের এক বন্ধুকে আটক করেছে। পরিবার ও পুলিশের ধারণা, মুঠোফোনটির জন্যই দুর্বৃত্তরা তাকে ডেকে নিয়ে হত্যা করেছে।

নিহত স্কুলছাত্র মো. হিমেল (১৩) ময়মনসিংহের গফরগাঁও থানার মুথারচর গ্রামের দুবাইপ্রবাসী কাজল মিয়ার ছেলে। সে শ্রীপুর উপজেলার ত্রিমোহনী এলাকার বিডি ইসলামিয়া উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ত।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, হিমেল নান্দিয়াসাংগুন এলাকায় নানা আবু তালেবের বাড়িতে থেকে লেখাপড়া করত। গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কে বা কারা তাকে মুঠোফোনে নানাবাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে সে আর বাড়ি ফেরেনি এবং তার মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়।

হিমেলের খালা ফাতেমা বেগম বলেন, সম্ভাব্য সব স্থানে রাতভর খুঁজেও হিমেলের সন্ধান পাওয়া যায়নি। গতকাল সকাল ১০টার দিকে নানাবাড়ির অদূরে একটি ধানখেতে কাদার মধ্যে একটি লাশ পড়ে থাকার খবর পাওয়া যায়। সেখানে গিয়ে হিমেলের লাশ দেখতে পান তিনি। বেলা আড়াইটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ ও হিমেলের পরিবারের ধারণা, বিদেশ থেকে বাবার পাঠানো দামি মুঠোফোনটি ছিনিয়ে নেওয়ার জন্যই ঘাতকেরা হিমেলকে কাদায় মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করেছে। হত্যাকারীরা মুঠোফোনটি ছিনিয়ে নিয়ে তা বন্ধ করে দিয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নান্দিয়াসাংগুন এলাকার রফিকুল ইসলামের ছেলে মাসুদ মিয়াকে (১৫) আটক করেছে।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, মাসুদকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার প্রক্রিয়া চলছে।