গাজীপুরে তরুণকে গলা কেটে হত্যা
গাজীপুরে এক তরুণকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার গাজীপুরের ঝাঝর এলাকার একটি ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত তরুণ হলেন গাজীপুরের ডেগেরচালা এলাকার কলিম উদ্দিনের ছেলে হাবিব মিয়া (১৮)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ডেগেরচালা এলাকার হাবিব মিয়ার পার্শ্ববর্তী বাজারে একটি মুঠোফোন সার্ভিসের দোকান আছে। গত রোববার রাত সাড়ে আটটার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়ির উদ্দেশে রওনা হন। কিন্তু বাড়িতে ফেরেননি। গতকাল দুপুরে ঝাঝর পশ্চিমপাড় এলাকার একটি ধানখেতে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ নিহত তরুণের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশের ধারণা, গত রোববার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে।
জয়দেবপুর থানাধীন ভোগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, নিহত তরুণকে গলা কেটে এবং পেটে আঘাত করে হত্যা করা হয়েছে। তবে হত্যাকারীদের চিহ্নিত করা যায়নি। এ ব্যাপারে জয়দেবপুর থানায় একটি মামলা হয়েছে।