গাজীপুরে তরুণীকে ধর্ষণের চেষ্টা গ্রেপ্তার ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞাপনচিত্রে মডেল করার প্রলোভন দেখিয়ে গাজীপুর সদর উপজেলায় এক তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গত রোববার গভীর রাতে নয় তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার তরুণেরা হলো বরিশালের আকবর হোসেন ওরফে টাইগার রাজীব (২৮), নরসিংদীর আবুল কালাম আজাদ (৩০), চাঁদপুরের মো. আলম (২৮), চাঁপাইনবাবগঞ্জের ওমর ফারুক (২১), পাবনার রেন্টু (২০), ঝিনাইদহের জুম্মন (২৮), ময়মনসিংহের খলিল (২৯), কুমিল্লার হিমেল (২৫) ও নরসিংদীর শুভ (১৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, বিজ্ঞাপনে মডেল করার প্রলোভন দেখিয়ে রোববার বিকেলে ওই নারীকে ঢাকা থেকে নিয়ে আসে নয় তরুণ। পরে তারা গাজীপুর সদর উপজেলার ভাওয়াল গড় ইউনিয়নের একটি শুটিং স্পটে ওঠেন। রাত সাড়ে ১১টার দিকে ওই তরুণী শুটিং স্পটের একটি কক্ষে অবস্থান করছিলেন। এ সময় আকবর ও আজাদ তাঁর কক্ষে ঢুকে ঘরের দরজা ভেতর থেকে আটকে দেয়। অন্য তরুণেরা বাইরে অবস্থান করতে থাকে। রাজীব ও আজাদ ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তিনি কৌশলে নিজেকে রক্ষা করেন। এরপর স্বজনদের মুঠোফোনে ঘটনাটি জানান। পরে স্বজনেরা ঘটনাটি পুলিশকে জানান। রাত দুইটার দিকে পুলিশ ওই তরুণীকে উদ্ধার ও নয় তরুণকে আটক করে।
জয়দেবপুর থানাধীন হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজাহারুল ইসলাম বলেন, এ ব্যাপারে ওই তরুণী বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেছেন।