গাজীপুরে তিন বাড়িতে ডাকাতি, আটক ৫
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় তিন বাড়িতে ডাকাতি হয়েছে। গত বুধবার দিবাগত রাতে উপজেলার জামালপুর ইউনিয়নের মেন্দিপুর ও উত্তর জামালপুর (বালুয়াভিটা) গ্রামে এ ঘটনা ঘটে। একটি ঘটনায় জড়িত সন্দেহে গতকাল বৃহস্পতিবার সকালে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
ডাকাতির শিকার পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর ইউনিয়নের মেন্দিপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মুঞ্জুর হোসেন ও তাঁর চাচা মোসলেহ উদ্দিনের বাড়িতে বুধবার দিবাগত রাত তিনটার দিকে ১৫-১৬ জনের মুখোশ পরা একদল ডাকাত কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে তিন লাখ টাকা, ৪০ ভরি স্বর্ণালংকার, ১৬টি মুঠোফোন ও জামাকাপড় লুট করে। এ সময় মোসলেহ উদ্দিনের স্ত্রী বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে মারধর করা হয়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
একই ইউনিয়নের উত্তর জামালপুর গ্রামের মাসুম মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। রাত দুইটার দিকে ১৫-১৬ জনের মুখোশ পরা ডাকাত দল বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ২৫ ভরি স্বর্ণালংকার ও চার লাখ সাত হাজার টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতের আঘাতে মাসুমের স্ত্রী আহত হন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন উপজেলার বড়গাঁও (ভিটিপাড়া) গ্রামের শরীফুল ইসলাম (২২), বড়াইদ গ্রামের আলমগীর হোসেন (৩০), কালীগঞ্জ পৌর এলাকার রনি মিয়া (১৮) এবং নারায়ণগঞ্জের বন্দর থানার বিবি জোড়া গ্রামের সাইফুল ইসলাম (২০) ও রূপগঞ্জ উপজেলার শিমুলিয়া গ্রামের ইমরান হোসেন (১৯)।
জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম বলেন, নদীর তীরবর্তী এলাকা হওয়ায় ইউনিয়নের লোকজন সব সময় ডাকাত-আতঙ্কে থাকেন। একের পর এক ডাকাতির ঘটনায় এলাকার মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছেন। তবু ডাকাতি রোধ করা যাচ্ছে না।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, ‘সম্প্রতি এলাকার ডাকাত সর্দারসহ কয়েকজনকে আটক করেছি। অন্যদেরও আটকের চেষ্টা চলছে।’