গাজীপুরে তিন ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কয়েকটি ভূমি কার্যালয় গতকাল মঙ্গলবার আকস্মিক পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী মো. সাইফুজ্জামান চৌধুরী। এ সময় ভূমি কার্যালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তিন ভূমি সহকারী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে দুজনকে শাস্তিমূলক বদলির নির্দেশ দেওয়া হয়।
সাময়িক বরখাস্তকৃতরা হলেন গাজীপুর সিটি করপোরেশনের গাছা ভূমি কার্যালয়ের সহকারী কর্মকর্তা (ভূমি) মো. জালাল উদ্দিন, বাসন ভূমি কার্যালয়ের সহকারী কর্মকর্তা (ভূমি) ইউছুব আলী ও কাশিমপুর কার্যালয়ের সহকারী কর্মকর্তা (ভূমি) দীপক কুমার সাহা। এ ছাড়া কালিয়াকৈর উপজেলা সাবাজপুর ভূমি কার্যালয়ের সহকারী কর্মকর্তা (ভূমি) বাবুল মিয়া ও একই উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মোথাজুড়ি ভূমি কার্যালয়ের সহকারী কর্মকর্তা (ভূমি) মিজানুর রহমানকে তাৎক্ষণিক শাস্তিমূলক বদলির নির্দেশ দেন।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম মোস্তফা কামাল বলেন, গাজীপুরের গাছা, বাসন ও কাশিমপুরসহ কয়েকটি ভূমি কার্যালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ভূমি প্রতিমন্ত্রী মো. সাইফুজ্জামান চৌধুরী গতকাল সকালে হঠাৎ গাজীপুরের ভূমি কার্যালয়গুলো পরিদর্শনে আসেন। এ সময়ে দুর্নীতির অভিযোগের সত্যতা পেয়ে গাছা, বাসন ও কাশিমপুর কার্যালয়ের ওই তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং সাবাজপুর ও মোথাজুড়ি কার্যালয়ের দুই কর্মকর্তাকে তাৎক্ষণিক শাস্তিমূলক বদলির নির্দেশ দেন।
প্রতিমন্ত্রী বলেন, তাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে। কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছু কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার জন্য সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।