গাজীপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ বয়রা গ্রামে গতকাল বুধবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন।
আহত ব্যক্তিরা হলেন বয়রা গ্রামের দোলন খান (৩০), রাকিব খান (২৫), রবিন খান (২৮), সুফিয়া খাতুন (৪৫), রিমা (৪৫), মনোয়ারা (৪৫) ও জাহাঙ্গীর আলম (২৫)।
কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মণ্ডল বলেন, বয়রা গ্রামের শাজাহান খানের ছেলে রাকিব খানের ছাগল একই গ্রামের হেলাল খানের খেতের মাষকলাইয়ের গাছ খেয়ে ফেলে। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে রাকিবের স্বজনেরা ধারালো দা-ছুরি নিয়ে হেলালকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। খবর পেয়ে হেলালের লোকজন ঘটনাস্থলে এলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় উভয় পক্ষের আরও ছয়জন আহত হন। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘কাওরাইদে সংঘর্ষের বিষয়ে কোনো খবর পাইনি। তবে আমি খোঁজ নিচ্ছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’