গাজীপুরে দুই ব্যক্তির লাশ উদ্ধার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় পোশাক কারখানা থেকে গতকাল সোমবার দীপক সাহা (২৭) নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। একই দিন শ্রীপুর পৌরসভার ফালু মার্কেট এলাকার একটি ঘর থেকে অজ্ঞাতপরিচয় (৩০) আরেকজনের লাশ উদ্ধার করা হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব মিয়া বলেন, ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে দীপককে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই কারখানার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) রফিকুল ইসলামসহ পাঁচজন কর্মকর্তাকে আটক করা হয়েছে।
দীপকের বাড়ি কালিয়াকৈরের বোর্ড মিল সাহেবপাড়া এলাকায়। তিনি ইন্টারস্টপ অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক তৈরির কারখানায় কাজ করতেন। এ ঘটনায় কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, মৃতদেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।