গাজীপুরে দুই যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের সালনা ও বড়বাড়ি এলাকা থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁদের মধ্যে একজনের নাম জিয়াউর রহমান (৩৫) বলে জানা গেছে। বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। লাশ দুটি উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আলামিন জানান, আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে সালনা ফরেস্ট চেকপোস্টের পাশ থেকে জিয়াউর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর গলা কাটা ও ডান পাঁজরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁকে বৃহস্পতিবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা হত্যা করেছে।

এ ছাড়া গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজারের কাছে বড়বাড়ি মির্জাবাড়ির পার্শ্ববর্তী গলি থেকে এক যুবকের (২৬) লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর পরিচয় জানা যায়নি।