গাজীপুরে দুই শ্রমিক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের ডেগেরচালা এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত এক বেকারিশ্রমিক গতকাল শুক্রবার ভোরে মারা গেছেন। এর আগে বৃহস্পতিবার কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুরে এক পোশাকশ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
নিহত বেকারি শ্রমিক হলেন চাঁদপুরের ফরিদগঞ্জ থানার বিষকাটালী এলাকার রবিন হোসেন (২৬)। তিনি স্থানীয় সেভেন স্টার বেকারির শ্রমিক ছিলেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ডেগেরচালা এলাকায় বিভিন্ন দোকানে বকেয়া টাকা সংগ্রহ করে বৃহস্পতিবার রাত নয়টার দিকে কারখানায় ফিরছিলেন রবিন। এলাকার একটি পুকুর পাড়ে পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর পথরোধ করে। তারা তাঁর টাকা ছিনিয়ে নেয় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শরীর, হাত ও পা জখম করে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে পাঠান। সেখানে গতকাল ভোরে তিনি মারা যান।
জয়দেবপুর থানার উপপরিদর্শক মো. সুজায়েত হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।
কালিয়াকৈরের নিশ্চিন্তপুরে নিহত পোশাকশ্রমিকের নাম জাহাঙ্গীর আলম (২২)। তাঁর বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার খৈইশাঘোড়া গ্রামে। তিনি নিশ্চিন্তপুর এলাকার মোশাইদ টেক্সটাইল কারখানায় কাজ করতেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, তিনি নিশ্চিন্তপুর এলাকায় আমিনুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে তাঁকে মুঠোফোনে বাসা থেকে ডেকে নিয়ে যান রিফাত হোসেন নামের এক বন্ধু। ওই দিন জাহাঙ্গীর বাসায় ফেরেননি। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর ছোট বোন নার্গিস আক্তার কারখানার কাজ শেষে বাসায় ফিরে ঘরের দরজা বন্ধ পান। পরে ঘরের ফাঁক দিয়ে ভেতরে জাহাঙ্গীরের লাশ ঝুলতে দেখেন। এ সময় শাহনাজ ও তাঁর চাচা সেলিম হোসেনকে লাশ দেখতে দেননি বাড়ির মালিক আমিনুল। পরে শাহানাজ ও সেলিমকে রেখেই লাশ অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি সিরাজগঞ্জে পাঠিয়ে দেন। গতকাল সকালে সিরাজগঞ্জে লাশ পৌঁছার পর দেখা যায়, নিহত জাহাঙ্গীরের মাথা ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এরপর পরিবারের লোকজন লাশ ফের কালিয়াকৈর থানায় নিয়ে আসেন। দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় জাহাঙ্গীরের বাবা জামাল শেখ মামলা করেছেন।
যুবকের লাশ: গতকাল সকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় গলায় দড়ি বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের (৩৬) লাশ উদ্ধার করে পুলিশ। সুরতহাল প্রতিবেদন তৈরির পর দুপুরে লাশটি হাসপাতালে পাঠানো হয়। লাশের নাক ও কান দিয়ে রক্ত ঝরার আলামত রয়েছে। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাতের কোনো একসময় তাঁকে শ্বাসরোধে হত্যা করে। এরপর লাশ ফেলে পালিয়ে যায়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।