গাজীপুরে দুজনকে আটকের অভিযোগ বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের আগে হয়রানিমূলক গ্রেপ্তার বা আটক না করতে নির্বাচন কমিশনের নির্দেশনা থাকা সত্ত্বেও বিএনপির দুই কর্মীকে আটকের অভিযোগ উঠেছে। সোমবার ওই দুজনকে পুলিশ আটক করেছে বলে জানা যায়।

বিএনপি সূত্রে জানা গেছে, আটক হওয়া ওই ব্যক্তি হলেন গাজীপুরে বিএনপির ৪৬ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক আবদুল ও পুবাইল শাখার বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম। আজ সোমবার সন্ধ্যা সাতটার দিকে আবদুলকে তাঁর বাসা থেকে আর সিরাজুল ইসলামকে এর আগে টঙ্গীর মাজুখান এলাকা থেকে আটক করে বলে অভিযোগ করে বিএনপি মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার।

হাসান উদ্দিন সরকার বলেন, সোমবার সাবেক গাছা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল হামিদের বাসায় পুলিশ অভিযান চালায়। তাঁকে না পেয়ে ছেলে ফাহাদকে পুলিশ মারধর করেছে বলে হামিদের পরিবার অভিযোগ করেছে।

বিএনপির দুজনকে আটকের বিষয়ে জানতে চাইলে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমরা কোনো আসামি গ্রেপ্তার করিনি।’

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সব দল এবং প্রার্থীদের সমান সুযোগ নিশ্চিত করার জন্য গ্রেপ্তার বা হয়রানি না করার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়। প্রধান কার্যালয় থেকে পাঠানো এক চিঠিতে নির্বাচন কমিশন জানায়, বিএনপির পক্ষ থেকে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে এসে পুলিশ কর্তৃক গ্রেপ্তার ও হয়রানি করার অভিযোগ তুলেছিল। এর পরিপ্রেক্ষিতে বিনা পরোয়ানায় কাউকে গ্রেপ্তার না করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। গাজীপুর জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ে সে চিঠি পাঠানো হয়।

ওই চিঠির বিষয়ে জানতে চাইলে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল প্রথম আলোকে বলেন, বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকারের অভিযোগের পরিপ্রেক্ষিতে কাউকে অযথা গ্রেপ্তার না করার সিদ্ধান্ত পুলিশকে জানিয়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমরা পুরোপুরি তৈরি আছি।’ সব ভোটারকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।