গাজীপুরে দুজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের সালনা ও কুনিয়াপাছর এলাকা থেকে গতকাল শুক্রবার সকালে ও গত বৃহস্পতিবার রাতে দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, কুনিয়াপাছর এলাকা থেকে মো. আবদুল কাদের ওরফে কাঁকন (২২) নামের একজন কারখানা শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়ি কুড়িগ্রাম সদরের খোনারপাড় গ্রামে। আর সালনা থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩৬ বছর।

নিহত আবদুল কাদেরের ভাই মো. কাইয়ুম জানান, তাঁরা কুনিয়াপাছর এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন। তাঁর ভাই কাদের স্থানীয় একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে স্থানীয় লোকজনের কাছে খবর পান, কাদের রাস্তার পাশে পড়ে আছেন। পরে তাঁরা সেখানে গিয়ে তাঁকে মৃত অবস্থায় পান। কাদেরের বুকের বাঁ পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। খবর পেয়ে পুলিশ রাতে লাশটি উদ্ধার করে।

জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) নূরুল ইসলাম জানান, নিহত ব্যক্তির শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে জয়দেবপুর থানার এসআই আল আমিন জানান, গতকাল বেলা ১১টার দিকে সালনা এলাকার একটি নালায় এক ব্যক্তির গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তিনি জানান, লাশের সঙ্গে একটি পরিচয়পত্র পাওয়া গেছে। এতে নাম জিয়াউর রহমান ও বাড়ি শেরপুর লেখা আছে। পরিচয়পত্রে পাওয়া তথ্য অনুযায়ী লাশ শনাক্তের চেষ্টা চলছে।