গাজীপুরে দুটি লাশ উদ্ধার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরাব এলাকা থেকে গতকাল মঙ্গলবার খাদিজা বেগম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন জেলার সদর উপজেলার পশ্চিম ডগরী এলাকার একটি কাঁঠালগাছ থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির (৪৫) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
কালিয়াকৈরে নিহত খাদিজা বেগম (২৭) উপজেলার বরাব এলাকার মনু মিয়ার স্ত্রী। সদর উপজেলায় নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের বরাব এলাকার মনু মিয়া মঙ্গলবার সকালে কাজে যান। পরে খাদিজা নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। আত্মহত্যার কারণ জানা যায়নি। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) ফাইজুর রহমান জানান, লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে সদর উপজেলার পশ্চিম ডগরী এলাকা থেকে উদ্ধার করা লাশের পরনে খয়েরি রঙের ফুলপ্যান্ট এবং হালকা আকাশি রঙের শার্ট ছিল।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল ভোরে স্থানীয় লোকজন এলাকার একটি কাঁঠালগাছে গলায় মাফলার বাঁধা অবস্থায় এক ব্যক্তির ঝুলন্ত লাশ দেখতে পান। পরে তাঁরা পুলিশে খবর দেন। বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মাজহারুল ইসলাম বলেন, লাশটি গাছে ঝুলে থাকার ধরন থেকে মৃত্যুটি রহস্যজনক মনে হচ্ছে। এটা হত্যা, না আত্মহত্যা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত করা যাবে।